মিসরের গোলের পর মেসির পেনাল্টি মিস
অনলাইন ডেস্ক
স্পট কিক থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। শট নিতে এসেছিলেন খোদ অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ডান দিকের নিচু কোণ ঘেঁষে নেওয়া মেসির শটটি দুর্দান্ত দক্ষতায় রুখে দিলেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের! মেসির মনের কথা যেন আগেই পড়ে ফেলেছিলেন শোবের, নিখুঁত টাইমিংয়ে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দিলেন নিশ্চিত গোল। হতাশায় পুড়ল আর্জেন্টিনা।
এর আগে ম্যাচের ১৫ মিনিটে মিসরীয় ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম ডি-বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক হেড করেন। বলটিকে পোস্টের ডানদিকের নিচের কোণ দিয়ে জালর ভেতরে পাঠান তিনি। কর্নার থেকে উড়ে আসা বলে ক্রস বাড়িয়ে এই গোলটিতে অ্যাসিস্ট করেন মারওয়ান আতিয়া।
মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ম্যাচটি।
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিই জিতে গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠে আর্জেন্টিনা। তবে শেষ বত্রিশে বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষার মুখে পড়ে লিওনেল স্কালোনির দল। অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে উঠতে আরও কঠিন লড়াই করতে হয়েছে মিশরকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে ফারাওরা।
আজকের ম্যাচের বিজয়ী আগামী ১১ জুলাই কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।
