মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে এমপির ব্যতিক্রম উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং তাদের স্মৃতি সংরক্ষণের এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

বৃহস্পতিবার নগরীর হালিশহরের জে.পি কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে খালি ডায়েরি, যেখানে তাঁরা নিজেদের মুক্তিযুদ্ধের স্মৃতি, অভিজ্ঞতা ও স্বপ্ন লিপিবদ্ধ করবেন। এমন উদ্যোগ নিয়ে বেশ প্রশংসিত হয়েছেন সাঈদ আল নোমান। তিনি বিএনপির প্রয়াত ভাইস চেযারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল্লাহ আল নোমানের সন্তান।

এদিকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু তাঁদের অনেক অভিজ্ঞতা এখনও অজানা থেকে যাচ্ছে। আমরা চাই, তারা নিজেরাই তাদের গল্প লিখে যান।

তিনি বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধাকে একটি করে ডায়েরি দেওয়া হয়েছে। সেখানে তারা তাদের যুদ্ধদিনের স্মৃতি, কষ্ট, সংগ্রাম এবং স্বপ্নের কথা লিখবেন। পরে এসব লেখা সংগ্রহ করে একটি বা একাধিক গ্রন্থ আকারে প্রকাশ করা হবে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights