মুন্সিগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মাকে হত্যার দায়ে ছেলে রুবেল মোল্লাকে (৩৮) দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সোমবার দুপুরে মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় ঘোষণা করেন।

আসামি রুবেল মোল্লা শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘরা মোল্লাবাড়ি এলাকার মৃত শমসের মোল্লার ছেলে।

মামলার পর থেতে জেল হাজতে ছিলেন রুবেল। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়াদী।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১০ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে আসামি রুবেল মোল্লা তার মায়ের কাছে রাতের খাবার চায়। তার মায়ের দেওয়া খাবারে সন্তুষ্ট না হওয়ায় আসামি রুবেল হাতের প্লেট ছুঁড়ে ফেলে দেয়। এ সময় রুবেলের মা নুরজাহান বেগম (৬৫) পুনরায় তাকে খাবার দিলে আসামি রুবেল ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে।

এ সময় নুরজাহান বেগম চিৎকার করে ঘর হতে বাহির হয়ে উঠানে পড়ে যায়। পরে নুরজাহান বেগমকে রুবেল পুনরায় মাথায় আঘাত করে। এতে নুরজাহান বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরে তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে রুবেলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে আসামি রুবেলকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নুরজাহান বেগমের অপর ছেলে আক্কাস মোল্লা (৫০) বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনার প্রায় সাত বছর পর ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি রুবেলকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আরিফ হোসেন জানান, বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে নিজের মাকে হত্যার দায়ে আসামি রুবেল মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদয়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন আদালত। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights