মুন্সিগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যার প্রধান আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার হত্যা মামলার প্রধান আসামি টিপু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত টিপু মোল্লা (৪৫) মুন্সিগঞ্জ শহরের মোল্লারচর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে। তিনি নিহত যুবদল নেতা আবু ইলিয়াস শান্ত সরকারের স্পিডবোট চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গেল ১ নভেম্বর মধ্যে রাতে মুন্সিগঞ্জের কালিরচর মেঘনা নদীতে শান্ত সরকারের রহস্যজনক মৃত্যু হয়। সে ঘটনার পর থেকে শান্তর স্পিডবোটে চালক টিপু পলাতক ছিলেন। ঘটনার পাঁচদিন পর নিহতের ভাই মামুন সরকার বাদি হয়ে টিপুকে প্রধান আসামি করে এজাহারনামিও আটজন ও অজ্ঞাত সাতজনের নামে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও র‍্যাবের সহায়তায় কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় আনা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম মোল্লা জানিয়েছেন, র‍্যাব ও তথ্য প্রযুক্তির সহায়তায় দাউদকান্দি থেকে টিপু মোল্লাকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হবে। তবে শান্ত সরকারের বিষয়টি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা সেটা জানা এখন সময়ের অপেক্ষা।

তিনি আরও বলেন, এ মামলার বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে থাকায় তাদের গ্রেফতার করতে পারিনি। গ্রেফতারকৃত টিপুর কাছ থেকে শান্ত হত্যা মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বের হয়ে আসবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights