মুন্সীগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চাপাতির কোপে মো. হাশেম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাশেম বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের সুলতান মিয়ার পুত্র ও বাসাইল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম যুবরাজের ব্যক্তিগত গাড়ি চালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মনু বেপারীর ছেলে জাবেদ ওমরের সাথে একই গ্রামের আব্দুর রহমানের পুত্র ও বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের জামাতা মো. জহিরুলের সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিলো। গত ৩১ মে রামকৃষ্ণদী বাজার মাঠে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। সোমবার সকাল ১০ টায় স্থানীয়রা দুপক্ষের মধ্যে বিচার শালিশ করে মিমাংশা করে। কিন্তু বিকাল ৪ টার দিকে জাবেদ ওমরের লোকজন জহিুরুলের লোজনের ওপর হামলা করে। এ সময় জহিরুলের সমর্থক মো. হাশেমকে চাপাতি দিয়ে এলোপাথারী কোপালে ঘটনাস্থলেই হাশেম মারা যায়।
বাসাইল ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম যুবরাজ বলেন, শুধু ক্রিকেট খেলা নিয়ে নয়, জাবেদ ওমর গত ২৯ শে মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে পরাজিত হয়। সেই নির্বাচনে আমার মেয়ের জামাই জহিরুল পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী জাবেদ ওমরকে সমর্থন না করায় আমার লোকজনের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই মো. হাশেম নিহত হয়।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. মোক্তার হোসেন জানান, ক্রিকেট খেলা নিয়ে আজ প্রতিপক্ষের ওপর হামলা হয়েছে। নিহতের লাশ থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights