মেক্সিকো ম্যাচের আগে ‘বিশেষ এক গোপন ওষুধ’ খাওয়ার অনুমতি পেল ইংল্যান্ড দল

অনলাইন ডেস্ক

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে এক অদ্ভুত ও চমকপ্রদ তথ্য সামনে এসেছে ইংলিশ শিবিরে। মেক্সিকো সিটির অতিরিক্ত উচ্চতাজনিত শারীরিক সমস্যা ও ক্লান্তি মোকাবিলা করতে ইংল্যান্ডের ফুটবলাররা চাইলে ‘ভায়াগ্রা’ (Viagra) ব্যবহার করতে পারবেন। বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার (WADA) ২০২৬ সালের নিষিদ্ধ ওষুধের তালিকায় এই প্রেসক্রিপশন ড্রাগটি অন্তর্ভুক্ত না থাকায়, ফুটবলারদের এটি ব্যবহারে কোনো আইনি বাধা নেই।

সোমবার ভোরে মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে থ্রি-লায়ন্সরা। সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২০০ মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত এই স্টেডিয়ামে বাতাস পাতলা হওয়ায় ফুটবলারদের জন্য দৌড়ানো অত্যন্ত কষ্টসাধ্য এবং অল্পতেই মাথা ঘোরা বা ক্লান্তির মতো সমস্যা দেখা দেয়। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, ভায়াগ্রা ফুসফুসের রক্তচাপ কমিয়ে উচ্চতাজনিত ক্লান্তি ও অক্সিজেনের ঘাটতি দূর করতে দারুণ কার্যকর ভূমিকা রাখে।

যদিও ইংল্যান্ডের ফুটবলাররা আসন্ন মেক্সিকো সফরে সত্যি সত্যি এই ওষুধটি ব্যবহার করবেন কিনা, তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো মেলেনি। তবে ইংলিশদের নতুন কোচ টমাস টুখেল মেক্সিকোর এই কঠিন কন্ডিশন সামাল দিতে সম্ভাব্য সব ধরনের বৈজ্ঞানিক ও কৌশলগত উপায় খতিয়ে দেখছেন।

পরিসংখ্যান বলছে, ঘরের মাঠের এই উচ্চতার সুবিধা নিয়ে মেক্সিকো গত ৫৬ বছরে অ্যাজটেকা স্টেডিয়ামে মাত্র দুটি ম্যাচ হেরেছে। অন্যদিকে, গত বুধবার আটলান্টায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে হারানোর পর ইংলিশরা সরাসরি মেক্সিকো না গিয়ে ক্যানসাস সিটির বেস ক্যাম্পেই অবস্থান করছিল। কোচ টুখেল চেয়েছিলেন নিরপেক্ষ ভেন্যুতে রণকৌশল ঝালিয়ে নিতে। ফলে শুক্রবার মেক্সিকো পৌঁছানো ইংল্যান্ড দল কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য মাত্র দুদিন সময় পাচ্ছে, যা মেক্সিকোর বিপক্ষে তাদের বড় পরীক্ষা হতে যাচ্ছে।

সূত্র: সান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights