মেলোনিকে ‘পুরোপুরি নির্বোধ’ বলায় রুশ রাষ্ট্রদূতকে তলব

অনলাইন ডেস্ক

টেলিভিশন অনুষ্ঠানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে একের পর এক অপমানজনক মন্তব্য করায় কড়া পদক্ষেপ নিয়েছে ইতালি। রোমে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সেই পারামোনভকে করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইতালীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রুশ টেলিভিশন উপস্থাপক ভ্লাদিমির সোলোভিয়ভ সম্প্রতি রুশ টেলিভিশনে ইতালীয় ভাষায় বলেন, মেলোনি ‘মানবজাতির জন্য কলঙ্ক’, ‘বন্য পশু’, ‘পুরোপুরি নির্বোধ’ এবং ‘জঘন্য ছোট মহিলা’।

পরে রুশ ভাষায় তিনি আরও বলেন, ‘এই মেলোনি একজন ফ্যাসিবাদী জীব, যে তার নির্বাচকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’ তিনি অভিযোগ করেন, মেলোনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, ‘টিভি উপস্থাপকের করা অত্যন্ত গুরুতর ও আপত্তিকর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সেই পারামোনভকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।’ শুধু সরকার নয়, ইতালির বিরোধী দলগুলোও রুশ উপস্থাপকের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।

বিরোধী দল ফাইভ স্টার মুভমেন্টের নেতা জিউসেপ্পে কন্তে এই অপমানকে ‘অকথ্য’ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, ইউএস মডারেটস দলের মারিয়াস্টেলা গেলমিনি মন্তব্যগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছেন।

ডেমোক্রেটিক পার্টির সেক্রেটারি এলি শ্লাইন বলেছেন, ‘ক্রেমলিনের মুখপাত্র হিসেবে পরিচিত একজন রুশ টিভি উপস্থাপক জর্জিয়া মেলোনির বিরুদ্ধে অগ্রহণযোগ্য নারী-বিদ্বেষী মন্তব্য করেছেন। আমরা রুশ সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই, যারা ইতালীর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের অপমান করে, তারা পুরো দেশকেই অপমান করে। আর আমরা এটা কখনেই মেনে নেব না।’

সরকারি গণমাধ্যম নেটওয়ার্ক রাই (RAI)-এর সভাপতি বারবারা ফ্লোরিডিয়া বলেছেন, ব্যক্তিগত অপমান কখনোই রাজনৈতিক সমালোচনার বৈধ উপায় হতে পারে না। রাশিয়ার প্রচারণায় ইতালি কখনোই ভীত হবে না বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ইউক্রেনের প্রতি মেলোনির জোরালো সমর্থনের কারণে রোম ও মস্কোর মধ্যে সম্পর্ক ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৌখিক আক্রমণের বিরুদ্ধে পোপ লিও চতুর্দশকে সমর্থন করেছে মেলোনি। এরপর থেকে ট্রাম্পের সঙ্গেও মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটেছে। বিশ্লেষকদের মতে, রুশ উপস্থাপকের মন্তব্য এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: ইউরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights