মেসি ইস্যু: মমতা ব্যানার্জিকে গ্রেফতারের দাবি আসামের মুখ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে বিশৃঙ্খলার জেরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন দেশটির আরেক রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় ফুটবল তারকা লিওনেল মেসির আগমন ঘিরে সৃষ্টি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার তিনি বলেন, এই ঘটনার দায় শীর্ষ পর্যায় থেকেই শুরু হওয়া উচিত। তার মতে, রাজ্যের গৃহমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতা পুলিশের কমিশনারকে গ্রেফতার করা উচিত ছিল।

তিনি জানান, ইভেন্ট আয়োজকের গ্রেফতার হওয়া নিয়ে তিনি পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছেন না, তবে আইন-শৃঙ্খলার দায় প্রথমেই সরকারের এবং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের।

অন্য রাজ্যের বড় জনসমাগমের উদাহরণ টেনে হিমন্ত বলেন, পশ্চিমবঙ্গে ভিড় নিয়ন্ত্রণে বড় ধরনের ব্যর্থতা দেখা গেছে। তিনি উল্লেখ করেন, গুয়াহাটিতে শিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর টানা তিন দিন প্রায় ১০ লাখ মানুষের সমাগম হলেও কোনও দুর্ঘটনা ঘটেনি। একইভাবে আসামে পোস্ট ম্যালোনের কনসার্ট ও মুম্বাইয়ে নারী বিশ্বকাপের ফাইনাল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তার অভিযোগ, পশ্চিমবঙ্গে পরিস্থিতি সব সময়ই অনিশ্চিত এবং সেখানে ভিআইপি সংস্কৃতি চরম পর্যায়ে পৌঁছেছে।

এই ঘটনাকে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে হিমন্ত বলেন, মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি সারা বিশ্বের মানুষের আইডল। তার মতে, মমতা ব্যানার্জির উচিত এই ঘটনা নিয়ে ভাবা। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে প্রতিদিন নিরীহ মানুষ নির্যাতনের শিকার হচ্ছে— এটি গভীর উদ্বেগের বিষয়।

উল্লেখ্য, ‘গোট ট্যুর ২০২৫’-এর অংশ হিসেবে মেসির কলকাতা সফর ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শকদের অভিযোগ, মাঠে ভিআইপি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতির কারণে সাধারণ দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতে পাননি, যদিও তারা টিকিট কিনেছিলেন। পরে মেসি নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় ক্ষুব্ধ দর্শকরা স্লোগান দেন এবং স্টেডিয়ামের ভেতরে ভাঙচুর চালান। কেউ কেউ মাঠে প্লাস্টিকের বোতল ও চেয়ার ছুড়ে মারেন, এতে কিছু তাবু ও একটি গোলপোস্ট ক্ষতিগ্রস্ত হয়। অনেকে নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকতেও সক্ষম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কিছুটা বলপ্রয়োগ করে।

এই ঘটনার পর পশ্চিমবঙ্গের গভর্নর সি ভি আনন্দবোস জানান, ইভেন্টের আয়োজককে গ্রেফতার করা হয়েছে। এদিকে বিরোধী দলগুলো পুরো ঘটনার দায় রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের ওপর চাপিয়েছে এবং অনুষ্ঠান ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার অভিযোগ তুলেছে। সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights