মেসি যতদিন খেলবে, ততদিন সেরাই থাকবে : স্কালোনি

অনলাইন ডেস্ক
৩৯ বছর বয়সেও লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে অনেকেই বিস্মিত হলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মোটেও অবাক নন। তার বিশ্বাস, মেসি যতদিন খেলতে চাইবেন, ততদিনই বিশ্বের সেরা ফুটবলার হয়ে থাকবেন।

বিশ্বকাপে এবারও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা মেসি। শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকা দলকে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন তিনি। একটি গোল করার পাশাপাশি ক্রিস্তিয়ান রোমেরোর গোলে অ্যাসিস্টও করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এ পর্যন্ত বিশ্বকাপে মেসির গোলসংখ্যা আটটি, যা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সমান। একই সঙ্গে এটি তার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘লিও প্রতিটি ম্যাচেই প্রায় একই পরিমাণ দৌড়ায়। শারীরিকভাবে সে ফিটনেস কোচের সঙ্গে ভালো প্রস্তুতি নিয়েছে, যার সুফল পেয়েছে। তবে পরিসংখ্যানের দিক থেকে খুব বেশি পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি না।’

তিনি আরও বলেন,‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেয়। যখন সে নিজের সবটুকু দেয় এবং বুঝতে পারে যে প্রতিপক্ষের জন্য বিপদ তৈরি করতে পারবে, তখন সে যেন একটি মেশিন।’

মেসির বয়স নিয়ে যারা সন্দেহ করেছিলেন, তাদের উদ্দেশে স্কালোনির জবাব ছিল স্পষ্ট।

তিনি বলেন, ‘আমি মোটেও অবাক নই। যারা তাকে ভালোভাবে চেনে না, হয়তো তারা ভেবেছিল ৩৯ বছর বয়সে সে আর এই পর্যায়ে খেলতে পারবে না। কিন্তু আমি আগেও বহুবার বলেছি, সে যতদিন খেলতে চাইবে, ততদিনই বিশ্বের সেরা থাকবে। এটা আমি শুধু তার কোচ হিসেবে বলছি না, আমার সত্যিকারের বিশ্বাস।’

কোয়ার্টার-ফাইনালে শনিবার কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি।

তিনি বলেন, ‘বিশ্বকাপে কোনো সহজ প্রতিপক্ষ নেই। সুইজারল্যান্ড খুবই শক্তিশালী দল। তারা সবসময় বড় বড় দলের সঙ্গে সমানতালে লড়াই করে। জিতুক বা হারুক, প্রতিটি ম্যাচে তারা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। তাদের বিশ্বকাপের ঐতিহ্য আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে এবং শারীরিকভাবে তারা খুবই শক্তিশালী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights