মোটা অঙ্কের ঘুষ নেয়ার অভিযোগে রুশ বিমান বাহিনীর উপ-প্রধান গ্রেফতার

অনলাইন ডেস্ক

বড় অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সেস বা বিমান বাহিনীর (ভি কে এস) ডেপুটি কমান্ডার-ইন-চিফ ইউরি গ্রেখভকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ।

৬৪ বছর বয়সী গ্রেখভ উড়োজাহাজ, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনাকাটার বিষয়টি তদারকি করতেন। রুশ আইনে এই অপরাধে তার সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ২০২৪ সালে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর স্থলে আন্দ্রে বেলোসভ দায়িত্ব নেওয়ার পর থেকে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যে দুর্নীতিবিরোধী ধরপাকড় চলছে, এই গ্রেফতার তারই সর্বশেষ পদক্ষেপ।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর সামরিক ও বেসামরিক স্থাপনায় রুশ হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গ্রেখভকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। ১৯৭৯ সাল থেকে সামরিক বাহিনীতে কর্মরত গ্রেখভ ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্ব দেন এবং ২০২১ সালে আলেকজান্ডার চাইকোর অধীনে ডেপুটি কমান্ডার-ইন-চিফ হন।

সাম্প্রতিক সময়ে আটক হওয়া অধিকাংশ কর্মকর্তার বিপরীতে গ্রেখভ এখনো কর্মরত অবস্থায় আছেন; ফলে দায়িত্বরত অবস্থায় তদন্তের মুখে পড়া শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম। রাশিয়ার সামরিক বিমান চলাচল, মহাকাশ অভিযান এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণকারী ভি কে এস যুদ্ধজুড়ে ইউক্রেনের শহর ও অবকাঠামোয় হামলায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে।

শোইগু অপসারণের পর থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তত এক ডজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও জেনারেলকে আটক করা হয়েছে অথবা তারা ফৌজদারি তদন্তের মুখে পড়েছেন। সামরিক অভিজ্ঞতাহীন অর্থনীতিবিদ বেলোসভকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আর্থিক শৃঙ্খলা ফেরানোর স্পষ্ট নির্দেশনা দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, যা মস্কোর ভাষায় সামরিক বাহিনীতে দুর্নীতি দমন অভিযানের অংশ।

এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ২০২৪ সালের এপ্রিলে সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভের গ্রেফতার। এক দশকেরও বেশি সময় ধরে শোইগুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ইভানভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের দায়ে দোষী সাব্যস্ত হন। তাকে ১৩ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি রুবল বা ১০ লাখ ইউরো জরিমানা করা হয়।

এ ছাড়া সাবেক প্রথম উপ-প্রতিরক্ষামন্ত্রী রুসলান স্যালিকভকে ২০২৬ সালের মার্চে অপরাধী সংগঠন গঠন, অর্থ আত্মসাৎ ও বাজেটের অর্থ পাচারের অভিযোগে আটক করা হয় এবং গত নভেম্বরে তাকে সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি রুবল বা ৫০ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগে আটক হওয়া অন্যদের মধ্যে জেনারেল স্টাফের সাবেক উপ-প্রধান ভাদিম শামারিনকে সাত বছর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কর্মী পরিদপ্তরের সাবেক প্রধান ইউরি কুজনেতসভকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলগাকভ ও পাভেল পপভও এই তালিকায় রয়েছেন।

সূত্র: ইউরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights