ম্যাজিস্ট্রেট দেখেই দাম কমলো পিয়াজের

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজারেও বেড়েছে পিয়াজের দাম। শহরের নতুনহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ২০০ টাকা টাকার পরিবর্তে ১২০ টাকা কেজিতে পিয়াজ বিক্রি করা শুরু করেন।সোমবার সকালে শহরে নতুনহাট বাজারে অভিযানের মুহূর্তে সাধারণ ক্রেতারাও পিয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন।

এসময় বাজারে বেশি দামে পিয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান।

ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, পিয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০-১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় এটা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার আগে যে পিয়াজটা বাজারে ঢুকেছে সেটারও দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পিয়াজ বিক্রি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ক্রয় রশিদ সংগ্রহ করা হয়েছে এবং সঠিক মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পিয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights