ম্যান সিটিকে হারিয়ে ব্রাইটনের প্রতিশোধ
অনলাইন ডেস্ক
কারাবাও কাপে ম্যানচেস্টার সিটির কাছে হারের প্রতিশোধটা বেশ ভালোভাবেই নিল ব্রাইটন। শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে সিটিকে হারিয়ে দারুন এক জয় তুলে নিয়েছে তারা।
গত বুধবার ইতিহাদ স্টেডিয়ামে কারাবাও কাপের ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরেছিল ব্রাইটন। শনিবার সেই মাঠেই সিটিকে ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে তারা। এই জয়ে শীর্ষে থাকা সিটির সঙ্গে ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র দুই পয়েন্টে।
ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় ব্রাইটন। সিটির ডিফেন্ডার মাতেউস নুনেসের ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে কাছ থেকে জালে পাঠান ইয়াসিন আইয়ারি।
১০ মিনিট পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সিটি। এলিমান এনদিয়ায়ে ইলিয়ট অ্যান্ডারসনের ক্রস থেকে হেড করলেও বল লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর কাছের পোস্টে তার জোরালো শট দারুণভাবে ঠেকান ব্রাইটন গোলকিপার বার্ট ফারব্রুগেন।
দ্বিতীয়ার্ধেও সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যায় সিটি। এনদিয়ায়ে এবার বল নিয়ে ফাঁকা জায়গায় ঢুকে জোরালো শট নেন। কিন্তু ফারব্রুগেন দুর্দান্ত দক্ষতায় বলটি ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন।
এরপর নুনেসের শটও ঠেকান ব্রাইটন গোলকিপার। আর্লিং হলান্ডের হেডার সামলাতেও খুব একটা বেগ পেতে হয়নি তাকে।
উল্টো ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাইটন। ১০ গজ দূর থেকে ম্যাক্সিম দ্য কুইপারের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। পরে তার হেডও দারুণভাবে ঠেকান জিয়ানলুইজি দোন্নারুম্মা।
গোলের সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে তারা। অন্যদিকে, প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা দুই ম্যাচ হারল ম্যানচেস্টার সিটি। ৯ ম্যাচে ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে তারা।
