যথা সময়ে সুলতান মেলা, নৌকাবাইচ আয়োজনের দাবী নড়াইলবাসীর
নড়াইল প্রতিনিধি
বিভিন্ন কারনে ঝিমিয়ে পড়েছে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গন। বন্ধ রয়েছে সুলতান মেলা, নৌকা বাইচসহ বিভিন্ন সাংস্কৃতিক ও গ্রামীণ ক্রীড়ার আয়োজন। এ বছর যথাযথভাবে এ গুলো আয়োজনগুলোর দাবী নড়াইলবাসীর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাংস্কৃতিক কর্মকান্ডের দিক দিয়ে দেশের মধ্যে অন্যতম সমৃদ্ধ জেলা নড়াইল। সাংস্কৃতিক অঙ্গনের এই জেলার সবচেয়ে বড় আয়োজন সুলতান মেলা। মূলত এই সুলতান মেলাকে কেন্দ্র করে সারা বছর ধরে ব্যস্ত সময় কাটে নড়াইলের সাংস্কৃতিক কর্মীদের । তবে গত বছর বিভিন্ন কারনে আয়োজন করা হয়নি সুলতান মেলার। বন্ধ রয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা।
বিভিন্ন সমস্যা নিয়ে চলছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহ শালা। সংগ্রহশালার রক্ষিত বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের পেইন্টিং সংরক্ষনের জন্য দরকার উপযুক্ত গ্যালারী, এস এম সুলতানের জন্ম মৃত্যুবাষির্কী রাষ্ট্রীয় ভাবে পালন এখন সময়ের দাবী। প্রতিষ্ঠান পরিচালনার জন্য দরকার নির্ধারিত বরাদ্দ। কমপ্লেক্সে কর্মরত সকলকে রাজস্বখাতে অর্ন্তভূক্ত করা প্রয়োজন।
নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু বলেন, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান এর জন্ম মৃত্যু বার্ষিকী যথাযথভাবে পালন করার জন্য বরাদ্দ বাড়ানোর দাবি করছি। একই সাথে এস এম সুলতান কমপ্লেক্সের বিদ্যমান সমস্যা দুর করতে হবে। সুলতান মেলার জাতীয়করন এখন নড়াইলবাসীর দাবি। এ সকল বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
