যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে যশোর শহরের একটি হোটেলকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে শহরের এমকে রোডে অবস্থিত একটি হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, পরিদর্শনের সময় রান্নাঘরে অত্যন্ত নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। মুরগির বিষ্ঠাযুক্ত ডিম খালি হাতে ভেঙে ময়দার খামিরে মেশানো, আগের দিনের পচা ভাত ধুয়ে নতুন ভাতের সঙ্গে মিশিয়ে দেওয়া এবং রুটি-পরোটার খামিরে অনুমোদনহীন ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া রান্না করা খাবারও অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল বলে জানায় সংশ্লিষ্টরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান বলেন, হোটেলটি জনপ্রিয় হওয়ায় সেখানে সব সময় ক্রেতাদের ভিড় থাকে। তবে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে চরম অনিয়ম পাওয়ায় মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights