যশোরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দুই আইনজীবীকে সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বিশিষ্ট লেখক, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খানকে আদালত চত্বরে লাঞ্ছিত ও শারীরিক হেনস্তার দায়ে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে আইনজীবী মেহেদী ইমাম বাপ্পীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আইনজীবী সমিতি।

রবিবার সমিতির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ মার্চ সাংবাদিক বেনজীন খানের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তাদের লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় সমিতিতে তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার আদালত চত্বরে সৌজন্যমূলক কথা বলার সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত দুই আইনজীবী সাংবাদিক বেনজীন খানের ওপর চড়াও হন এবং তাকে জনসম্মুখে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights