যশোরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের করায় কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরের মণিরামপুরে সরকারি রাস্তা কেটে অবৈধভাবে মাছের ঘের সম্প্রসারণের দায়ে মাহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলার হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত মাহাতাব মোড়ল ওই গ্রামের বুধো মোড়লের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাহাতাব মোড়ল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৮৫ শতক কৃষিজমি থেকে মাটি কেটে মাছের ঘের তৈরি করছিলেন। এসময় তিনি সরকারি মালিকানাধীন ৫০ শতক রাস্তাও দখল করে মাটি কেটে ঘেরের আয়তন বাড়াচ্ছিলেন।
স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে গত শনিবার ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাকে কাজ বন্ধের নোটিশ দেন। তবে প্রশাসনের সেই নির্দেশনা তোয়াক্কা না করে তিনি শনিবার রাতভর মাটি কাটার কাজ চালিয়ে যান।

দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাহাতাব মোড়লকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন, ‘আইন অমান্য করে সরকারি সম্পদ নষ্ট করার দায়ে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। অভিযান চলাকালে আসামির পরিবার নিজেদের খরচে ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তাটি আগের অবস্থায় সংস্কার করে দেওয়ার অঙ্গীকার করেছে।’
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights