যাত্রাবাড়ীতে চেতনানাশক দ্রব্যসহ অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেফতার
অনলাইন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ীতে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্যসহ অজ্ঞান পার্টির সাত সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতাররা হলেন— মো. সাইফুল ইসলাম (৬০), মো. অপু আহমেদ সরকার (৩৮), মো. সুজন খান (৩৫), মুহাম্মদ রাশেদ ব্যাপারী (৫৮), মিঠু মিয়া ওরফে মন্ট ব্যাপারী ওরফে মিন্ট ব্যাপারী ওরফে মিটু (৫২), মো. মকবুল খন্দকার (৫৫) এবং মো. টুটুল বিশ্বাস ওরফে সুমন (৫৫)।
এসময় তাদের হেফাজত থেকে হামদর্দ ল্যাবরেটরীজ-এর লোগো সম্বলিত একটি প্যাকেটে রক্ষিত পলিথিনে মোড়ানো কালো রঙের হালুয়াসদৃশ চেতনানাশক দ্রব্য,একটি কৌটায় রক্ষিত চেতনানাশক হালুয়া,চেতনানাশক ইনজেকশন, অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক সাতটি লিফলেট এবং সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) যাত্রাবাড়ী থানাধীন ধোলাই পাড় চত্তরের উত্তর-পশ্চিম পার্শ্ব টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় সাধারণ যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে বা ইনজেকশন পুশ করে সর্বস্ব লুট করত।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
