যানজটে গাড়ির ভেতর হার্ট অ্যাটাক: দূত হয়ে এলেন দুই নার্স

অনলাইন ডেস্ক

রাস্তায় তীব্র যানজট। হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে গাড়ির স্টিয়ারিংয়েই লুটিয়ে পড়লেন এক চালক। মৃত্যু যখন কড়া নাড়ছে, ঠিক তখনই চলন্ত বাস থেকে লাফ দিয়ে নেমে দেবদূতের মতো ছুটে এলেন দুই নার্স। কঠোর চেষ্টায় ফিরিয়ে আনলেন নিভতে বসা এক প্রাণ!

বুধবার সকালে ভারতের কেরালার এর্নাকুলাম জেলায় এমন অবিশ্বাস্য ঘটনা ঘটে। ৪৩ বছর বয়সী সিনোজ নামের ওই ব্যক্তি লটারির দোকান চালান। বুকে ব্যথা ওঠায় তিনি নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। কিন্তু যানজটে আটকা পড়ার পর তিনি গাড়ির ভেতরই জ্ঞান হারান।

পাশ দিয়ে যাওয়া একটি বাসে ছিলেন স্টাফ নার্স অঞ্জলি বৈজু ও নার্সিংয়ের ছাত্রী আর্দ্রা রাজ। রাস্তায় জটলা দেখে তারা দ্রুত বাস থেকে নেমে পড়েন। গাড়ির কাছে ছুটে গিয়ে তারা রোগীর বুকে চাপ দিয়ে (সিপিআর) শ্বাস ফেরানোর চেষ্টা করেন।

এ সময় সাধারণ মানুষও দারুণ সাহায্য করেন। একজন পথচারী দ্রুত ওই গাড়ির স্টিয়ারিং ধরেন। অন্যরা গাড়িটি যানজট থেকে বের করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। হাসপাতালে পৌঁছানো পর্যন্ত ওই দুই নার্স গাড়ির ভেতরেই সিপিআর চালিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, নার্সদের ওই দ্রুত পদক্ষেপেই রোগীর প্রাণ বেঁচেছে। পরীক্ষায় তার হার্টের রক্তনালিতে ব্লক ধরা পড়ায় জরুরি অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বড় হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights