বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামে এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) রাতে উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাকী বিল্লাহ নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদরাসার সুপার।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী অভিযুক্তের চাচাতো শ্যালিকা এবং শারীরিক প্রতিবন্ধী। তিনি পরিবারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। অভিযোগ অনুযায়ী, গত ২১ জানুয়ারি বিকেলে চাচা শ্বশুরের বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বাকী বিল্লাহ ওই তরুণীকে ধর্ষণ করেন।
পরবর্তীতে তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি প্রায় ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে বুধবার (১ জুলাই) নন্দীগ্রাম থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বাকী বিল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গছাইল দাখিল মাদরাসার সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
