যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ৩৬ বছর আত্মগোপন!
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে র্যাব-৫ এর বিশেষ অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুর মোর্শেদ ওরফে রাজু উদ্দীন মঞ্জুর মোর্শেদকে (৭০) আটক করা হয়েছে। তিনি নওগাঁর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড থেকে বাঁচতে দীর্ঘ ৩৬ বছর ধরে রাজশাহী শহরে আত্মগোপনে ছিলেন।
শনিবার দুপুরে সাজাপ্রাপ্ত এই আসামিকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে ভোরে তাকে মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
র্যাব-৫ এর সদর দফতরের কোম্পানি অ্যাডজুটেন্ট তৌফিক আহম্মেদ গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নওগাঁর বদলগাছী থানার একটি হত্যা মামলায় ১৯৮৭ সালের সাজাপ্রাপ্ত আসামি মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আছেন। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছীতে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা ও আদালত কর্তৃক সাজা হওয়ার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুপুরে রাজপড়া থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ বিকেলের মধ্যেই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠাবে।
