যুক্তরাষ্ট্রের এমকিউ-ওয়ান ড্রোন গুলি করে নামানোর দাবি আইআরজিসির

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-ওয়ান ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। রবিবার এক বিবৃতিতে এমন দাবি করে তারা।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে গালফ নিউজ।

ইরানি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি শত্রুতামূলক অভিযান পরিচালনার উদ্দেশ্যে ইরানের জলসীমার আকাশে প্রবেশ করেছিল, কিন্তু এটিকে দ্রুত শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়ে নামিয়ে আনা হয়।

মার্কিন কোম্পানি জেনারেল অ্যাটোমিক্সের তৈরি দূর নিয়ন্ত্রিত এমকিউ-ওয়ান ড্রোন ‘প্রেডিটর’ (শিকারী) নামেও পরিচিত। আকাশ থেকে নজরদারি ও লক্ষ্যস্থলে অভিযান চালাতে মার্কিন বিমান বাহিনী ও দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ সাধারণত এ ড্রোনটি ব্যবহার করে। এমকিউ-ওয়ান এজিএম-১১৪ হেলফায়ার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।

শনিবার ইরানের সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো শনিবার ভোরে কেশম দ্বীপের আকাশে শত্রুর একটি অরবিটার ড্রোনকে সফলভাবে বাধা দিয়ে ধ্বংস করেছে।

এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, অরবিটার ড্রোনটি ‘আক্রমণকারী মার্কিন-জায়নবাদী শত্রুদের’। কেশম অঞ্চলে ড্রোনটিকে শনাক্ত করার পর সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা পদ্ধতি সেটিকে ধ্বংস করে।

এর আগে মঙ্গলবার আইআরজিসি জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়ার ‘বৈধ ও সুনির্দিষ্ট’ অধিকার তাদের আছে।

ওই সময় তারা আরও জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী গুলি করে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন নামিয়েছে।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি ইরানের আকাশসীমায় প্রবেশ করা শত্রুর একটি যুদ্ধবিমানের উদ্দেশ্যেও গুলি ছোড়ার দাবি করেছে।

ইরানে তারা একটি ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে, যুক্তরাষ্ট্র এমনটি জানানোর পর আইআরজিসি ওই দাবিটি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights