যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে নতুন ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে সামরিক শক্তি প্রদর্শন করেছে ইরান। শুক্রবার উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খোররামশাহর-৪’ সামনে এনেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আল জাজিরার প্রতিবেদন মতে, ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনা হলো।

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, আইআরজিসির মহাকাশ বাহিনীর প্রধান মাজিদ মুসাভি নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির তথ্য মতে, খোররামশাহর-৪ ইরানের সবচেয়ে উন্নত দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এর পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার এবং এটি প্রায় ১ হাজার ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম।

এদিকে কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে আজ শুক্রবার সকালে ওমানের রাজধানী মাসকটে আলোচনায় বসেছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যেষ্ঠ উপদেষ্টা জামাতা জারেড কুশনার।

আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান ইয়াদোল্লাহ জাভানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, আলোচনার টেবিলে বসা মানে সামরিক শক্তি থেকে সরে আসা নয়। তার ভাষায়, আমরা যুদ্ধ চাই না, কিন্তু প্রতিপক্ষ যদি ভুল করে, তাহলে আমরা কঠোর জবাব দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights