যুক্তরাষ্ট্রে তুষারঝড়: মেইন অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত, সাতজন নিহত
অনলাইন ডেস্ক
ভয়াবহ শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শত শত ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে মেইন অঙ্গরাজ্যের ব্যাংগর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসরকারি জেট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে বিমানটি উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, আটজন আরোহী বহনকারী জেটটি ‘অজ্ঞাত পরিস্থিতিতে’ বিধ্বস্ত হয়। বিমানটি ওড়ার মুহূর্তেই উল্টে গিয়ে থেমে যায় এবং আগুন ধরে যায়। ব্যাংগর বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছেন।
টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনভিত্তিক একটি স্থানীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বিমানটি হিউস্টন থেকে উড্ডয়নের পর, সম্ভবত জ্বালানি নেওয়ার জন্য ব্যাংগরে অবতরণ করেছিল। প্যারিসের উদ্দেশ্যে তুষারঝড়ের মধ্যে পুনরায় উড্ডয়নের সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে ৪৬ বছর বয়সি প্রভাবশালী আইনজীবী তারা আর্নল্ড, জ্যাকব হোসমার ও শওনা কলিন্স রয়েছেন। হোসমার ২০২৫ সালের মে মাস থেকে আইনফার্ম ‘আর্নল্ড-ইটকিনে’র হয়ে কাজ করছিলেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের শীতকালীন এ ঝড়ে দেশজুড়ে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আট লাখের বেশি সেবাগ্রহীতা। ভ্রমণেও বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। ফ্লাইট ট্র্যাকার ‘ফ্লাইটঅ্যাওয়ার’ জানিয়েছে, সোমবার প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের নিউ ইংল্যান্ডে এখনও তুষারপাত অব্যাহত রয়েছে। তবে মধ্য ও পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে তুষারপাত বন্ধ হয়েছে।
সূত্র: বিবিসি, গার্ডিয়ান, হিন্দুস্থান টাইমস
