যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কি আবার শুরু হবে?

অনলাইন ডেস্ক

ইরানে আবারও বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। বুধবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চার থেকে সাত দিনব্যাপী বিমান হামলায় যোগ দিতে ওয়াশিংটনকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের দাবি, ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত পুনর্গঠন করছে এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। এ বিষয়ে আলোচনার জন্য গত সপ্তাহে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান ওয়াশিংটনে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফসহ অন্যদের সঙ্গে বৈঠক করেছেন।

তবে নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দিয়েছেন—এমন তথ্য অস্বীকার করেছেন এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা। আর নেতানিয়াহুর মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী সব সময় ইসরায়েলের ‘নিরাপত্তা নিশ্চিত করতে’ কাজ করেছেন।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, স্বল্পমেয়াদি কিন্তু জোরালো অভিযানের জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও বোমারু বিমান জড়ো করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভান্ডার, জ্বালানি স্থাপনা এবং বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ড পোস্ট।

চলতি সপ্তাহে তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট অঞ্চলটিতে পৌঁছেছে। এ ছাড়া ইসরায়েলে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করতে রাজি না হলেও জানিয়েছে, ‘সব বিকল্পই খোলা রয়েছে’।

এদিকে নতুন করে হামলার যৌক্তিকতা ও গোয়েন্দা তথ্য নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরেই গভীর মতবিরোধ রয়েছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় ভোটারদের অসন্তোষ প্রকাশ পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে আলোচনার উদ্যোগ বন্ধ করতে বলেছেন। অন্যদিকে ইসরায়েলের পরিকল্পনায় ইরানের পারমাণবিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে হামলার বিষয়টি থাকলেও তাতে ট্রাম্প এখনো সম্মতি দেননি।

প্রায় আট মাস আগে শুরু হওয়া এই যুদ্ধে ৮ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণের কারণে পারস্য উপসাগরীয় তেল ও গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights