যৌথ অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে ২২ অপরাধী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং জেনেভা ক্যাম্প হতে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ এবং কিশোর গ্যাং এর সদস্যদের গ্রেফতার করা হয়। ছবি: আইএসপিআর

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার দিনে এবং রাতে মোহাম্মদপুর এলাকাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এই অভিযানে মোহাম্মদপুরের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী আদম বেপারী সেলিম, দুর্ধষ রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম এবং সাগরকে আটক করা হয়।

এছাড়া, জেনেভা ক্যাম্প থকে মাদক চক্রের দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ী, ১০ জন ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের সাতজন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এই অভিযানে মোহাম্মদপুর এলাকা হতে মোট ২২ জন অপরাধী গ্রেপ্তার হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,গত ২ দিনের বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার হওয়ায় নিরাপত্তাহীনতায় নিমজ্জিত মোহাম্মদপুরবাসীর মনে স্বস্তি ফিরে আসছে। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights