রংপুরে আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব গ্রেফতার

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নীলফামারীতে দুটি এবং রংপুরে একটি মামলা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তিনি সেনপাড়ার একটি বাসায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হতে পারে। তবে রিমান্ড চাওয়া হবে কি না, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।

২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর আরও দুইবার এমপি নির্বাচিত হন তিনি। তিনি ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights