রংপুরে বিআরটিএ কার্যালয়ে দুদকের

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুদক হাসানুর রহমান ও দেলোয়ার হোসেন নামে দুইজন দালালকে আটক করেছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলী প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল দেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে তারা জেলের হাত থেকে রক্ষা পান। বৃহস্পতিবার দুপুরে ওই অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সম্বলিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হোসাইন শরীফ।

আটক হাসানুর রহমান তারাগঞ্জ উপজেলার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং দেলোয়ার হোসেন রংপুর নগরীর লালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ এ প্রতিবেদককে বলেন, বিআরটিএ কার্যালয়ে কেউ ড্রাইভিং লাইসেন্স করতে আসলে ইচ্ছাকৃতভাবে ফেল করে দেয়া হয়। পরে দালাল ধরে ১০-২০ হাজার টাকা দিলে কাজ হয়। এমন অভিযোগের ভিত্তিতে আমরা সকালে ওই কার্যালয়ে অবস্থান দেই। সেবা নিতে আসা লোকজনের সঙ্গে দালালদের কথাবার্তা লক্ষ্য করতে থাকি। পরে ওই দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights