রংপুরে হাম পরীক্ষার ল্যাব নেই, রিপোর্ট পেতে লাগছে ৩ থেকে ৭ দিন
নজরুল মৃধা, রংপুর
রংপুর বিভাগে কোথাও হাম পরীক্ষার ল্যাব না থাকায় সন্দেহভাজন রোগীদের দেহের নমুনা ঢাকায় পাঠাতে হচ্ছে। সেখান থেকে পরীক্ষার ফলাফল আসতে সময় লাগছে ৩ থেকে ৪ দিন। স্থানভেদে কোথাও কোথাও সময় লাগছে এক সপ্তাহ। এই সময় নষ্ট হওয়ার ফলে হামের উপসর্গ থাকা রোগীরা আরও দুর্বল হয়ে পড়ছেন। অনেক ক্ষেত্রে রোগীর প্রাণহানির ঝুঁকিও বেড়ে যাচ্ছে।
রংপুর ও দিনাজপুরে দুটি বড় হাসপাতালে প্রতিদিন গড়ে সাড়ে ৩ থেকে ৪ হাজার রোগী চিকিৎসা নিয়ে থাকেন। এছাড়া অন্য জেলাগুলোর হাসপাতাল ও উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এসবে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিয়ে থাকেন। কিন্তু হামের যথাযথ চিকিৎসা সম্ভব হচ্ছে না।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে থাকা এক শিশুর অভিভাবক অভিযোগ করেন, তার সন্তানের দেহের নমুনা তিনদিন আগে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ফলাফল আসেনি।
জানা গেছে, রংপুর বিভাগের অন্য জেলাগুলোতে হামের পরীক্ষার রিপোর্ট আসতে ৪ থেকে ৫ দিন লাগছে। কোথাও কোথাও এর চেয়ে বেশি সময় লাগছে। সংশ্লিষ্টরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে হামের নমুনা পরীক্ষায় জট লাগবে। রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়। এক্ষেত্রে রোগী মারা যাওয়ারও আশঙ্কা রয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গাউসুল আজম বলেন, সারা দেশের হামের নমুনা পরীক্ষা ঢাকায় হয়। এজন্য ফলাফল আসতে একটু সময় লাগছে। সরকার উদ্যোগ নিয়ে বিভাগীয় শহরগুলোতে হাম পরীক্ষার ল্যাব স্থাপন করতে পারে।
তিনি আরও বলেন, রংপুর বিভাগের প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম রোগীর চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত বিভাগে হামের পরিস্থিতি ভালো। তবে হামের সংক্রমণ রোধে অভিভাবকদের সচেতন হতে হবে।
এদিকে, মঙ্গলবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দিনাজপুরে ১৬ জন, গাইবান্ধায় ৩ জন রোগী শনাক্ত হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন ও দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ রোগী ভর্তি হয়েছেন।
