রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক রংপুর

রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সেও যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্কুল পর্যায়ের বালিকা শিক্ষার্থীদের বিভাগীয় স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে এই কমপ্লেক্স ব্যবহারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

তিন দিনব্যাপী স্কেটিং প্রশিক্ষণের ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোত্তালেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, অর্থনৈতিক সংকটের কারণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সটির কার্যক্রম শুরু করা যায়নি। এরপর নানাভাবে উদ্যোগ নিয়ে শুরু করা হলো। আশা করি আর কখনো এটি অর্থের কারণে বন্ধ হবে না। সরকারি-বেসরকারি সবার তরফ থেকে কমপ্লেক্সটি চালু রাখার চেষ্টা করা হবে।

উল্লেখ্য রংপুর বিভাগের আট জেলার নারীদের খেলাধুলার প্রসার, উন্নয়ন ও বিকাশে ২০১৭ সালে ১০ একর জমির ওপর রংপুর মহানগরীর উত্তম এলাকায় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২৩ সালের ২ আগস্ট রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পর গত আড়াই বছর এখানে কোনো খেলাধুলা, প্রশিক্ষণ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights