যমুনা নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন নৌযান মালিক-কর্মচারীসহ তিন উপজেলার ২৭ গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ।

শুক্রবার সকালে বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের দুর্গম চরাঞ্চল ক্ষিদ্রচাপিয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার চরবেল, পুংলি, কাকুয়া, জাঙ্গালিয়া, কলাবাগান ও মহেষপুর এলাকার নৌযান মালিক-কর্মচারীরা এর আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘সালাম বাহিনী’র প্রধান সালাম ও তার সহযোগীরা রাতের আঁধারে নৌকা নিয়ে যমুনা নদীতে সশস্ত্র মহড়া দেন। সিরাজগঞ্জ-ঢাকা নৌপথে বাল্কহেড, ছোট-বড় নৌকাসহ বিভিন্ন নৌযান থেকে তারা চাঁদা আদায় করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নৌযান শ্রমিক-কর্মচারীদের মারধর করা হয় বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, যমুনা নদীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নৌযান মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ‘সালাম বাহিনী’র হাত থেকে রক্ষা পেতে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন। একই সঙ্গে যমুনার নৌপথ নিরাপদ করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে নৌযান মালিক-কর্মচারী ছাড়াও বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার ২৭ গ্রামের মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights