রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি
সিরাজগঞ্জ প্রতিনিধি:
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে “ক্যাম্পাসের জন্য বিদ্রোহ’ কর্মসূচি নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে টানা অষ্টম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মা প্রকাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জনতাও অংশগ্রহন করেছেন।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সিরাজগঞ্জের শাহজাদপুরের বিসিক বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীসহ ছাত্র-জনতা এ বিক্ষোভ পালন করেন। অবরোধের কারনে দুপাশে যাত্রী ও পণ্যবাহী হাজার হাজার যানবাহন আটকে যায়। এতে দুর্ভোগে পড়ে যাত্রী ও চালকরা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রায়হান উদ্দিন, মাইশা খাতুন ও আয়েশা খাতুন উদ্দিন বলেন, ৮ বছর ধরে ক্যাম্পাস নির্মাণের নামে কালক্ষেপন করা হয়েছে। ক্যাম্পাস না থাকায় অনেক কষ্টে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। সেশনজটে পড়েছে শিক্ষার্থীরা। আমাদের ন্যায্য দাবির সাথে সকল শ্রেণীপেশার মানুষ একাত্মতা ঘোষণা করেছে। শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরা ও স্থানীয় জনতা আমাদের সাথে সংহতি প্রকাশ করে মাঠে নেমেছে। ৮ দিন ধরে আন্দোলন করছি। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এস.এম. হাসান তালুকদার বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সকল শিক্ষক-কর্মচারীও স্মারকলিপি প্রদান করেছে। ক্লাস ও পরীক্ষা বর্জন করে ৮দিন যাবত আন্দোলনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, আমাদের ৯ হাজার ২শ কোটি টাকার প্রজেক্ট ছিল সেটা কমিয়ে ৬শ কোটি টাকায় নামিয়ে এনেছি। আমি ইউজিসিকে বলেছি, হয় ক্যাম্পাস নির্মানে টাকা দেন নইলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, ছাত্রদের আন্দোলনের কারণে শাহজাদপুর থেকে সকল যানবাহন চলাচল বন্ধ ছিল। বিসিক বাসষ্ট্যান্ডের দুইপাশে যানজটের সৃষ্টি হয়েছে।
