রমজান ঘিরে ব্যাপক প্রস্তুতি
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আসন্ন পবিত্র রমজান সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি। রমজানের বাড়তি চাহিদা মেটাতে প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি করতে এরই মধ্যে তৎপর হয়ে উঠেছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, এবার রমজানে অতিপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি আমদানি হচ্ছে। ফলে কোনো পণ্যের সংকট থাকবে না। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রেজাউল করিম আজাদ বলেন, ‘রমজান সামনে রেখে পুরো প্রস্তুতি নিয়েছে আমদানিকারকরা। বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি আমদানি হবে এ রমজানে। আশা করছি রমজানে কোনো ধরনের ভোগ্যপণ্যের সংকট হবে না।’ তিনি আরও বলেন, ‘রমজান শুরুর কয়েক মাস আগে থেকে শুরু হয় আমদানিকারকদের প্রস্তুতি। রমজানের অতিপ্রয়োজনীয় পণ্য এর মধ্যে গুদামজাতও শুরু হয়েছে। কিছু কিছু পণ্য বন্দরে খালাসের পথে রয়েছে। আবার কিছু পণ্য দেশে আসার পথে রয়েছে।’
রমজানব্যবসায়ীরা জানান, এবার রমজানের পণ্য আমদানি নির্বিঘ্ন করতে বাংলাদেশ ব্যাংক গত ৮ নভেম্বর একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে। এতে চাল, চিনি, ছোলা, খেজুরসহ ১০টি অতিপ্রয়োজনীয় পণ্য আমদানিতে এলসি মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যা ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। খাতুনগঞ্জের আমদানিকারকরা এ সিদ্ধান্তের পর পুরোদমে এলসি খোলার কাজ শুরু করেছেন। রমজানের বাজার ধরতে অন্তত তিন থেকে চার মাস আগে থেকেই ঋণপত্র (এলসি) খুলতে হয়। প্রস্তুতির অংশ হিসেবে কিছু কিছু আমদানিকারক অতিপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি করে গুদামজাত শুরু করেছেন। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রমজানের পণ্যবোঝাই জাহাজ পুরোদমে আসা শুরু করবে। বন্দরে পণ্য খালাসে জটিলতা না থাকলে সরবরাহে কোনো ঘাটতি থাকবে না। রমজানে ছোলা, মটর, মসুর ডাল, ভোজ্য তেল, চিনি, পিঁয়াজ ও খেজুরের মতো ভোগ্যপণ্যের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। প্রতি বছর রমজানে দেশে প্রায় ৩ লাখ টন চিনি, ১ লাখ টন ছোলা, দেড় লাখ টন মসুর ডাল এবং প্রায় ৫০ হাজার টন খেজুরের বাড়তি চাহিদা থাকে। চলতি বছরও বেশি পণ্য আমদানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন আমদানিকারকরা।
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী নীতিসহায়তার কারণে এবার এলসি খোলায় ব্যবসায়ীদের জটিলতা কমেছে। বন্দরে পণ্য দ্রুত খালাস এবং খাতুনগঞ্জ থেকে সারা দেশে সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন থাকলে আসন্ন রমজানে ভোগ্যপণ্যের বাজার সহনশীল থাকবে। এখন দেখার বিষয়, প্রশাসন আগাম নজরদারি কতটা কার্যকরভাবে বাজার স্থিতিশীল রাখতে পারে।
