রাকসু জিএস আম্মারের ব্যয় নিয়ে প্রশ্ন শিবিরের, দায় নেবে না সংগঠন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের দাপ্তরিক ব্যয়ের সঙ্গে বাস্তবতার সামঞ্জস্য নেই বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

একই সঙ্গে আম্মার শিবির-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত না হওয়ায় তার ব্যয়ের দায় সংগঠন নেবে না বলেও জানিয়েছেন শাখা শিবিরের সভাপতি মোজাহিদ ফয়সাল। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মোজাহিদ ফয়সাল বলেন, জিএস সালাহউদ্দিন আম্মার যাতায়াত ও আপ্যায়ন বাবদ দাপ্তরিক খাতে ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয় দেখিয়েছেন। তবে এ খাতে এত টাকা ব্যয় হওয়া বাস্তবসম্মত নয়। এ বক্তব্যের মাধ্যমে তিনি দায় এড়ানোর চেষ্টা করছেন বলে মনে হয়েছে।

তিনি বলেন, শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচিত রাকসু প্রতিনিধিদের সঙ্গে বসে সংগঠনের পক্ষ থেকে ব্যয়ের বিস্তারিত হিসাব ও জবাবদিহি চাওয়া হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সংস্কৃতিবিষয়ক, পরিবেশ ও সমাজকল্যাণ, মিডিয়া ও প্রকাশনা, তথ্য ও গবেষণা, মহিলাবিষয়ক এবং সাহিত্য ও বিতর্ক—এই ছয়টি দপ্তর মিলিয়ে মোট ব্যয় হয়েছে প্রায় ৩৬ হাজার টাকা।

শিবির সভাপতি আরও বলেন, অন্য দপ্তরগুলোর ক্ষেত্রেও ১০ থেকে ২০ হাজার টাকার বেশি ব্যয় হওয়ার কথা নয়। সালাহউদ্দিন আম্মার শিবির-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত নন। তাই তার ব্যয়ের বিষয়ে সামগ্রিকভাবে শিবিরের কোনো দায়বদ্ধতা নেই।

এর আগে, রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় শাখা শিবির। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসন নিশ্চিত করা, অনাবাসিক ভাতা চালু, পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার নির্মাণ এবং সিনেট কার্যকর করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights