রাকসু নির্বাচন : লটারিতে প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান, প্রচারণা শুরু

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ নম্বর প্রদান করা হয়। এতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হলো।

এর আগে, শনিবার কয়েকটি প্যানেলের নেতারা নির্বাচন কমিশনে গিয়ে ব্যালট নম্বর বরাদ্দ পদ্ধতি নিয়ে আপত্তি তোলেন। পরে রাতে প্রার্থীদের দাবির মুখে কমিশনের এক জরুরি সভা বসে। সভায় প্রতিটি পদের বিপরীতে লটারির মাধ্যমে ব্যালট নম্বর নির্ধারণ করার সিদ্ধান্ত হয়। এতে নির্বাচনের ব্যালট নম্বর নির্ধারণ বিষয়ক নীতিমালা সংশোধন করে নির্বাচন কমিশন।

লটারিতে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমানসহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচি শুরুর পূর্বে অধ্যাপক সেতাউর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আমরা এই লটারি কর্মসূচির আয়োজন করেছি। আশা করি শিক্ষার্থীরা এ পদ্ধতিকে ইতিবাচকভাবেই গ্রহণ করবে।

কর্মসূচিতে প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে প্রার্থীরা ব্যালট নম্বর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পছন্দের ব্যালট নম্বর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের এজিএস পদপ্রার্থী আকিল বিন তালেব বলেন, ‘আমি খুব আনন্দিত। ‘১০’ নম্বর আমার খুব পছন্দের নম্বর। আমি সেই ১০ নম্বর ব্যালট পেয়েছি। আজ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights