রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর আদাবরের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-জিহাদ সরদার (২২), রবিউল (২০), স্বপন (২২), কাঞ্চন (৪২), নাজমুল হোসেন (২২), মাসুদ রানা (২৪), ফয়সাল (২০) ও ইউসুফ আলী (১৮)।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার আদাবর থানার সুনিবিড় হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আদাবর থানা সূত্রে জানা যায়, থানার চৌকস টিম কর্তৃক আদাবরের সুনিবিড় হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত এই কিশোর গ্যাংয়ের সদস্যদের নামে রাজধানীর আদাবরসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতার চেষ্টার একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে দু’জন দস্যুতার চেষ্টার মামলার একাধিক চার্জশিটভুক্ত আসামি।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিশোর গ্যাংয়ের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights