রাজধানীতে ৪ সদস্যের পরিবারের খাবার খরচ মাসে ২২ হাজার ৬৬৪ টাকা

অনলাইন ডেস্ক

বর্তমানে রাজধানী ঢাকায় চার সদস্যের একটি পরিবারের খাবারের পেছনে প্রতি মাসে ব্যয় হচ্ছে ২২ হাজার ৬৬৪ টাকা। এটাকে রেগুলার ডায়েট বলছে সিপিডি। এখানে ২৫টি খাদ্যপণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। খাবারের এ তালিকা থেকে মাছ-মাংস বাদ দিলে ব্যয় দাঁড়ায় ৭ হাজার ১৩১ টাকা।

অথচ গত বছর চারজনের এ খাবারের দাম ছিল ১৮ হাজার ১১৫ টাকা আর মাছ মাংস ছাড়া এ ব্যয় ছিল ৫ হাজার ৬৮৮ টাকা। অর্থাৎ এক বছরে চার সদস্যবিশিষ্ট একটি পরিবারের খাবারের ব্যয় বেড়েছে ৪ হাজার ৫৪৯ টাকা। এ দামের বিপরীতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের যে আয় তা দিয়ে খাদ্যপণ্য কিনে টিকে থাকা কঠিন।

আজ সোমবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজিত বাজেট প্রস্তাববিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। ‘জাতীয় বাজেট ২০২৩-২৪ সিপিডির সুপারিশমালা’ শীর্ষক সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
সিপিডি জানায়, আন্তর্জাতিক বাজারে যে হারে পণ্যের দাম বাড়ছে, তার চেয়েও বেশি হারে বাড়ছে দেশের স্থানীয় বাজারে পণ্যের দাম। বিশেষ করে চাল, আটা, চিনি, ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও স্থানীয় বাজারে সেই প্রভাব নেই। অভ্যন্তরীণভাবে উৎপাদিত পণ্যের দামও কারণ ছাড়া ঊর্ধ্বমুখী। এ ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে। লাগামহীন মূল্যস্ফীতির কারণে অনেকেই খাদ্য ব্যয় কমিয়ে আনতে খাবারের তালিকা থেকে বাদ দিচ্ছেন মাছ-মাংসসহ বিভিন্ন আমিষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights