রাজধানীসহ সারাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে ৬ জনের মৃত্যু

অনলাইন প্রতিবেদক
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। দিন দিন খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭৭ জনে। এদের মধ্যে চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ১১৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। তাছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ হাজার ৯১১ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।

রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৪৫ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি কর্পোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২০৭ জন, বরিশাল বিভাগে ১৫১ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ২৩ জন ও সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে এই সিটি কর্পোরেশনে ১১ হাজার ৯৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাছাড়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ ১৩৫ জন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights