রাজশাহীতে এক বছরেও চালু হয়নি সরকারি ‘শান্তিনিবাস’

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহীতে অসহায় ও অবহেলিত প্রবীণদের জন্য সরকারি উদ্যোগে নির্মিত ২৫ শয্যার ‘শান্তিনিবাস’ এখনো চালু হয়নি। ভবন নির্মাণ শেষে সমাজসেবা অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হলেও জনবলসংকটে এক বছর পরও সেখানে কার্যক্রম শুরু করা যায়নি। ফলে সরকারি এই আবাসনসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আশ্রয়প্রত্যাশী প্রবীণরা।

রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় ২০২২ সালের ১৫ জুন শান্তিনিবাসের নির্মাণকাজ শুরু হয়। ২০২৩-২৪ অর্থবছরে নির্মাণকাজ শেষ হয়। গত বছর ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি সমাজসেবা অধিদপ্তরকে হস্তান্তর করে। তবে এর পরও চালু করা সম্ভব হয়নি প্রতিষ্ঠানটি। রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মনিরা খাতুন জানান, গত অর্থবছরে তাঁরা ভবনটি বুঝে পেয়েছেন। কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকায় কার্যক্রম শুরু করা যায়নি। কবে নাগাদ এটি চালু হবে, তা-ও নিশ্চিত করে বলতে পারেননি তিনি। সমাজসেবা অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশের আট বিভাগে ২৫ শয্যার আটটি শান্তিনিবাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে ৬০ বছরের বেশি বয়সি পরিত্যক্ত, দাবিদারহীন, দুর্দশাগ্রস্ত ও অবহেলিত প্রবীণদের নিরাপদ আবাসন দেওয়ার কথা।

এদিকে রাজশাহীর সরকারি শিশু পরিবারের ১৭৫ আসনের মধ্যে ১০টি ষাটোর্ধ্ব পুরুষের জন্য সংরক্ষিত বলে উল্লেখ রয়েছে। আবাসন, খাবারসহ অন্যান্য সেবা দেওয়ার কথা থাকলেও বর্তমানে কোনো প্রবীণ নেই সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights