রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ৭৪

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায়তার মৃত্যু হয়।

ডেঙ্গুতে মারা যাওয়ার রোগীর নাম মো. নুরুজ্জামান (৭০)। তিনি রাজশাহী মহানগরীর শাহ মখদুম এলাকার বাসিন্দা ছিলেন। এই নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু চলতি মৌসুমে মোট ৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। বর্তমান হাসপাতালে ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর মো. নুরুজ্জামান নামের ওই রোগীকে গত ২৫ আগস্ট দুপুরে রামেক হাসপাতালে ভর্তি করেছিলেন তার স্বজনরা। এরপর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে ডেঙ্গু ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। ডেঙ্গু জ্বরের পাশাপাশি তার শ্বাসনালীতেও সমস্যা ছিল। এজন্য তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন বলেও উল্লেখ করেন রামেক হাসপাতাল পরিচালক।
এদিকে, নুরুজ্জামানের মৃত্যু নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হলো। ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৮৫৯ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪২৮ জন রোগী। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৮০ জন রোগী। বর্তমানে আরও ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights