রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক

শেষ চৈত্রে রাজশাহীতে বাড়ছে তাপমাত্রা। তাপমাত্রা বাড়ায় হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হচ্ছে প্রাণীকুলে। প্রতিদিন দিনের তাপমাত্রা দশমিক ২ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত বাড়ছে। চলতি বছরে রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ৩টায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম জানান, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে গত চার দিন থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে এই তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ কয়েক দিন থেকে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ছিল। শুক্রবার ০ দশমিক ৭ ডিগ্রি বেড়ে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এরপর ৪ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ৫ এপ্রিল ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস আর বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শুক্রবারই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রিতে উঠল।

আবহাওয়া কর্মকর্তা আবদুস সালাম জানান, গত মার্চ মাসে রাজশাহীতে চার দিন বৃষ্টিপাত হয়েছে। এছাড়া এপ্রিল মাসের শুরুতেই একদিন বৃষ্টিপাত হয়েছে। মোট ৩৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত কমায় তাপপ্রবাহ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights