রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর তানোরে বাস শ্রমিকদের উপর হামলাকারী সিএনজি শ্রমিকদের গ্রেফতার, শাস্তি ও সিএনজি চালানোর নীতিমালা প্রনয়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ আছে। বাস শ্রমিক ইউনিয়নের দাবি মানা না পর্যন্ত অনিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।

রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, রাজশাহী-তানোর রুটে সিএনজি চালানো নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় সোমবার তানোরে সিএনজি শ্রমিকদের হামলা ও মারধরে ৬ জন বাস শ্রমিক আহত হয়। এর জের ধরে দুপুরের পর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিকরা।

বাস মালিক ও শ্রমিকরা জানান, রাজশাহীতে বিআরটিএর অনুমোদন ছাড়াই অবৈধভাবে শতাধিক সিএনজি চলাচল করছে। এবিষয়ে বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে একাধিক বার অভিযোগ করা হয়। তবে পুলিশ এনিয়ে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ বাস যাত্রীরা। যাত্রীরা বাস টার্মিনালে এসে বিপাকে পড়ছেন। অনেকেই বিকল্প যানবাহনে তাদের গন্তব্যে যাচ্ছেন।

রাজশাহী পরিবহন মালিক ও শ্রমিকরা জানায়, হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমুলক শাস্তির প্রক্রিয়া শুরু না হলে তারা বাস চালাবে না। একই সাথে তানোরসহ সব রুটে সিএনজি চলাচলের সুনিদিষ্ট নীতিমালা চান বাস মালিক ও শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights