রাজাকারদের মতো আচরণ করেছে আওয়ামী লীগের কর্মীরা: প্রিন্স

অনলাইন ডেস্ক

বিএনপির ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচি ঘিরে ভয়ভীতি দেখানো ও দমনপীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্স। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। প্রিন্স বলেন, পদযাত্রা কর্মসূচি ঘিরে গ্রামেগঞ্জে মুক্তিযুদ্ধের সময়কার রাজাকারদের মতো আচরণ করেছে আওয়ামী লীগের কর্মীরা। শান্তি কমিটির মতো সন্ত্রাস সৃষ্টি করেন তারা।

দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলেও বিভিন্ন স্থানে গায়েবি মামলা দেয়া হয়েছে। কর্মসূচির পর রাতে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মীরা ককটেল ফাটিয়ে, গাড়ি পুড়িয়ে নৈরাজ্য সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের ওপর অভিযোগ দিয়েছে। এতে আমাদের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধ মামলা দেয়া হয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিকে ঘিরে নতুন ৪৫টি গায়েবি মামলা দেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে তিন শতাধিক। এজাহারভুক্ত আসামি করা হয়েছে ১ হাজার ৭০০ জনকে, অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪ হাজারের বেশি নেতাকর্মীকে। পাশাপাশি পুরনো মামলায় গ্রেফতার ও হয়রানিও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, নেতাকর্মীদের বসতবাড়িতে হামলা ভাঙচুর চালানো হচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের তালিকা নিয়ে পুলিশের ওপর চাপ প্রয়োগ করেছে। প্রতিহিংসাপরায়ণ হয়ে দমনপীড়ন চালাচ্ছে তারা। তবু আন্দোলন দমন করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights