রাজারহাটে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি: ২৪/০২/২৬
কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক গৃহবধুর
ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে
উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নাসরিন বেগম (২৫) ওই গ্রামের বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের
স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ
আব্দুল ওয়াদুদ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নাসরিন ও তার
স্বামীকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনো
সাড়া না পেয়ে সকাল ১০টার দিকে ঘরের ভেতরে গিয়ে শয়নকক্ষের তীরের
সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় নাসরিনের মরদেহ দেখতে পান তারা।
ধারণা করা হচ্ছে, সোমবার রাতে সেহরি খাওয়ার পর কোনো এক সময়
তিনি আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান
করে তিনি এ পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে
পুলিশ। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে
সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম
মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে স্বামী নুর আলম পলাতক রয়েছেন। এ ঘটনায় রাজারহাট
থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
