রাবি উপাচার্যের সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের মতবিনিময়

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে জাপানের প্রতিষ্ঠানসমূহের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। জাপানের বিশ্ববিদ্যালয়-উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে এ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ স্থাপন, যৌথ গবেষণা সম্পাদন, প্রশিক্ষণ ও সম্মেলন বৃদ্ধি এবং অধিক হারে শিক্ষক-শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে উচ্চশিক্ষা-গবেষণার সুযোগ সৃষ্টির প্রতি জোর দেয়ার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
এছাড়া উপাচার্য ও রাষ্ট্রদূত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইনকিউবেশন সেন্টার, বায়োটেকনোলজি গবেষণা কেন্দ্র, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ও জাপানিজ স্টাডিজ সেন্টার স্থাপনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা এবং উভয় দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চতর গবেষণা কেন্দ্রসমূহের মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন।

এ সময় রাষ্ট্রদূতের সাথে ঢাকাস্থ জাপান দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাবৃন্দ এবং রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক মো. এনায়েত হোসেন, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights