রামিসার মায়ের চিকিৎসায় বিএনপির উদ্যোগ, বিশেষজ্ঞ বোর্ড গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
হাসপাতালে রামিসার মায়ের খোঁজ খবর নিচ্ছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিক। ছবি: সংগৃহীত।

মিরপুরের পল্লবীতে নৃশংস হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মৃত্যুর পর তার মা গভীর মানসিক আঘাতে ভুগছেন। পাশাপাশি দীর্ঘদিনের শারীরিক জটিলতা- বুকে ব্যথা, ভার্টিগোসহ স্নায়বিক সমস্যা এবং পরিপাকতন্ত্রের অসুস্থতা তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ অবস্থায় রামিসার বাবা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সহায়তা চান। বিষয়টি জানার পর দ্রুত উদ্যোগ নেন তিনি। মঙ্গলবার (২৩ জুন) সকালে তাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, তার চিকিৎসার জন্য একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হবে। এতে মানসিক রোগ, হৃদরোগ, নিউরোলজি ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা থাকবেন। অধ্যাপক ডা. রফিকুল ইসলাম জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা পরিচালিত হবে।

তিনি আরও বলেন, সন্তানের মৃত্যুজনিত গভীর শোক ও মানসিক আঘাত তার শারীরিক সমস্যাগুলোকে আরও জটিল করে তুলেছে। ইতোমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের তত্ত্বাবধানে তার কাউন্সেলিং শুরু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

পরিবারের সদস্যরা আশা করছেন, সমন্বিত এই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তিনি ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights