রাশিয়াকে দেওয়া নিষেধাজ্ঞায় চীনা প্রতিষ্ঠানের নাম, ইউরোপকে কড়া বার্তা বেইজিংয়ের
রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞা প্যাকেজে চীনা কিছু প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। চীন জানিয়েছে, তারা এই পদক্ষেপের ‘দৃঢ় বিরোধিতা’ করছে এবং নিষেধাজ্ঞার তালিকা থেকে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর নাম তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ইইউর ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজে তৃতীয় দেশের সরবরাহকারীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে রয়েছে চীনে নিবন্ধিত কিছু প্রতিষ্ঠান, যাদের বিরুদ্ধে অভিযোগ—তারা রাশিয়ার সামরিক–শিল্প খাতকে ডুয়াল-ইউজ পণ্য (যা বেসামরিক ও সামরিক—দুই ক্ষেত্রেই ব্যবহারযোগ্য) কিংবা অস্ত্রব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপ্রযুক্তির সামগ্রী সরবরাহ করেছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সিদ্ধান্ত চীন ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে হওয়া সমঝোতার মূল চেতনার পরিপন্থী এবং এটি পারস্পরিক আস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি এটি দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক স্থিতিশীলতাকেও দুর্বল করছে।
বেইজিং স্পষ্টভাবে সতর্ক করেছে, চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। বিবৃতিতে আরও বলা হয়, এর ফলে সৃষ্ট যে কোনো পরিণতির দায় সম্পূর্ণভাবে ইউরোপীয় ইউনিয়নকেই বহন করতে হবে।
