রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে শোধনাগারটির বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায় এবং সেখানে দায়িত্ব পালনরত দুইজন কর্মী আহত হন।

হামলার লক্ষ্যবস্তু ছিল ক্রাসনোদার অঞ্চলের কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত তুয়াপস অয়েল রিফাইনারি। ইউক্রেনের ভূখণ্ড থেকে শোধনাগারটির দূরত্ব প্রায় ৩৫০ কিলোমিটার।

রুশ সেনাবাহিনীর ক্রাসনোদার শাখা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, ড্রোন হামলার পর শোধনাগার ও আশপাশের প্রায় ৩ হাজার ২২৯ বর্গফুট এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করা হয়। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি।

রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রোসনেফট-এর মালিকানাধীন তুয়াপস শোধনাগারটি কৃষ্ণ ও আজভ সাগর অঞ্চলের অন্যতম বৃহৎ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে পরিচিত।

ইউক্রেনের সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। সেখানে প্রকাশিত ভিডিওতে রাতের আঁধারে শোধনাগার এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইউক্রেনের সরকার বা প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত চার বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় হামলা চালিয়ে আসছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেন রাশিয়ার তেল উত্তোলন ও পরিশোধন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights