‘রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ২৭ দফা নিয়ে কাজ করছে বিএনপি’

ময়মনসিংহ প্রতিনিধি

দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনায় বাংলাদেশ আজ ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ.জেড.এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য রাষ্ট্রকাঠামো মেরামতে ২৭ দফা নিয়ে কাজ করছে বিএনপি।’

বুধবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ‘রাষ্টকাঠামো মেরামতের রূপরেখা’ ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ পেশাজীবী পরিষদ ময়মনসিংহ বিভাগের আয়োজিত এই আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক ডা. জাহিদ আরও বলেন, ‘দেশে আইনের শাসন নেই। হ্যান্ডকাপ পরা গুলিবিদ্ধ মানুষ পড়ে থাকে সড়কের পাশে। পুলিশ হেফাজতে মানুষ মারা যাচ্ছে। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ১৫ বার। অসম চুক্তি করে দেশের অর্থনীতি ফোকলা করে দেওয়া হয়েছে। ব্যাংক ফাঁকা হয়ে গেছে। দেশের নির্বাচন কমিশন, সাধারণ মানুষ কেউ স্বাধীন নয়।’
আলোচনা সভায় পেশাজীবী পরিষদ ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক কৃষিবিদ প্রফেসর ড. মো: শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের বিভাগীয় সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী। আরও বক্তব্য রাখেন কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডী, সাবেক ভিসি প্রফেসর ড. মোশাররফ হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, কৃষিবিদ ড. গোলাপ, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights