রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ

অনলাইন ডেস্ক
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ফলে বিকেল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নগরবাসীকে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরুর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ২১ আগস্ট বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলকারী যানবাহনকে নির্ধারিত নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ডিএমপি। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।

নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বাসগুলোকে অন্য সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

অন্যদিকে, হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে।

বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এ জন্য নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নির্দেশনাগুলো মেনে চলার পাশাপাশি সম্ভব হলে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights