রিজার্ভ থেকে ২০৫ মিলিয়ন ডলার বিক্রি, ১২৫ টাকার নিচে নামল ডলারের দর

অনলাইন ডেস্ক
বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কাছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০৫ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে রেমিট্যান্স হাউসগুলো বাণিজ্যিক ব্যাংকের কাছে ১২৫ টাকার নিচে ডলার বিক্রি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলার ১২৪.৭৪ টাকা দরে বিক্রি করেছে। পাশাপাশি নিলামে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে এই ডলার আন্তঃব্যাংক বাজারে পুনরায় বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের লেনদেন বৈদেশিক মুদ্রাবাজারে ব্যাঘাত ঘটাতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি মাসের শুরুর দিকে ১২৪.৩০ টাকা থেকে ১২৪.৩৫ টাকা দরে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। গতকালের এই ডলার বিক্রির পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৮২ বিলিয়ন ডলারে, যা এর আগেরদিন ছিল ৩০.১২ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি বাণিজ্যিক ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকালে রেমিট্যান্স হাউসগুলো বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১২৫ টাকা ৩০ পয়সা থেকে ১২৫ টাকা ৪০ পয়সা পর্যন্ত দরে ডলার বিক্রির প্রস্তাব দিয়েছিল। কয়েকটি ব্যাংক ১২৫ টাকা ৩০ পয়সা থেকে ১২৫ টাকা ৩২ পয়সাতেও কিনেছে।

তবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে নিলামে ডলার বিক্রি করার পর দর কিছুটা কমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের নিলামের পর বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ১২৪ টাকা ৯০ পয়সা থেকে ১২৪ টাকা ৯৫ পয়সায় ডলার কিনেছে। কোনো কোনো ব্যাংক ১২৪ টাকা ৯০ পরসার কম দামেও ডলার কিনেছে।

আরেকটি বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তা জানান, নিলামে ডলার বিক্রি করার পর রেমিট্যান্স হাউসগুলো ১২৫ টাকার নিচে দাম প্রস্তাব করা শুরু করে। অর্থাৎ ২০৫ মিলিয়ন ডলার বিক্রি করায় বাজারে ডলারের দর অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের হস্তক্ষেপ আরও বিচক্ষণতার সঙ্গে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক দুপুর ১টা ২০ মিনিটে নিলামে ডলার বিক্রি করার নোটিশ দেয়। এ নোটিশ সকালবেলায় দেওয়া হলে দর আরেকটু কমিয়ে আনা সম্ভব হতো। কারণ মাসের প্রথম দিকে ডলারের চাহিদা তুলনামুলমকভাবে বেশি থাকে। তাই নিলামে ডলার বিক্রি করার থাকলে সকাল বেলায় তা জানিয়ে দেওয়া উচিত। কারণ ডলার কেনার জন্যও বাণিজ্যিক ব্যাংকগুলোর ফান্ড (টাকা) ম্যানেজ করতে হয়।

আরেকটি বাণিজ্যিক ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, গতকাল রেমিট্যান্স হাউস থেকে ৩০০ মিলিয়ন ডলারের বেশি কিনেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। কারণ জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে আমদানি ব্যয় বাড়ছে। তাতে একই পরিমাণ তেল আমদানি করতে আগে যা খরচ হতো, এখন তার থেকে বেশি খরচ হচ্ছে।

একজন ব্যাংকার বলেন, ২০০ মিলিয়ন ডলার বড় অঙ্ক। এ পরিমাণ ডলার কেন্দ্রীয় ব্যাংক আরও কয়েকদিন আগে বাজারে ছাড়লে ডলারের দর ১২৫ টাকা ছাড়াত না। কী পরিমাণে ডলার বিক্রি করলে তা মার্কেটের দর নিয়ন্ত্রণে সহায়তা করবে, সেটার বিশ্লেষণও কেন্দ্রীয় ব্যাংকের করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights